ঈদ-পরবর্তী যাত্রা নিরাপদ করতে বিআরটিএর বিশেষ নজরদারি,মাঠে ৬১ মোবাইল কোর্ট
- আপডেট: ০৮:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৮১১৫
নিজস্ব প্রতিবেদক,আলী নাঈম
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে দেশজুড়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঈদ-পরবর্তী সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বিশেষ নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংস্থাটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সারা দেশে ৬১টি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া ঢাকা মহানগরীর চারটি বাস টার্মিনাল এবং দেশের প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ টার্মিনালে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে। এসব টিম যানবাহনের চলাচল পর্যবেক্ষণ, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং সড়ক নিরাপত্তা বিধি মানার বিষয়ে কাজ করছে।
অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে বিআরটিএর বিভিন্ন সার্কেল থেকে গুরুত্বপূর্ণ সড়ক ও টার্মিনাল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বাস ছাড়ার আগে চালকদের অতিরিক্ত গতি পরিহার, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে ব্রিফিং দেওয়া হচ্ছে।
বিআরটিএ আরও জানিয়েছে, মহাসড়কে মোটরসাইকেলের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
ঈদ-পরবর্তী সড়ক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের যাত্রীদের নিরাপদ ভ্রমণসংক্রান্ত নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে চালক, সুপারভাইজার ও হেল্পারদের নিরাপদে যানবাহন পরিচালনার বিষয়ে বিশেষ ব্রিফিং করা হচ্ছে।




















