গ্রেড-১ পদমর্যাদা পাচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা
- আপডেট: ০৭:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাঁদের নাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসএসবির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর চলতি সপ্তাহেই এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
গ্রেড-১ পদমর্যাদার জন্য প্রস্তাবিত দুই কর্মকর্তা হলেন- একেএম আওলাদ হোসেন ও মো. আকরাম হোসেন। তাঁরা দুজনই বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ওই ব্যাচের মেধাতালিকায় আওলাদ হোসেন প্রথম এবং আকরাম হোসেন দ্বিতীয় স্থানে রয়েছেন।
জানা গেছে, বুধবার (৩ জুন) দুই কর্মকর্তার পদোন্নতির ফাইল (গ্রেড-১) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে আওলাদ হোসেন পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত আইজিপি এবং আকরাম হোসেন অর্থায়ন শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ পুলিশে গ্রেড-১ পদমর্যাদা সচিব বা সিনিয়র সচিবের সমতুল্য। সাধারণত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এই পদমর্যাদায় থাকেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিছু অতিরিক্ত আইজিপিকেও গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়।
কর্মজীবনে আওলাদ হোসেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান। পরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে রাজারবাগ টেলিকম ইউনিটে পদায়িত হন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যন্ত্রকৌশলে স্নাতক সম্পন্ন করা আওলাদ হোসেন এর আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি, মেহেরপুরের পুলিশ সুপার এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ট্যুরিস্ট পুলিশ, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), যশোর ও চুয়াডাঙ্গা জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, ২০২৪ সালের ২৪ অক্টোবর আকরাম হোসেনকে ডিআইজি পদ থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) করা হয়। পরে তাঁকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে পুলিশে গ্রেড-১ পদ দুটি এবং গ্রেড-২ পদ ২০টি রয়েছে। গ্রেড-১–এর দুটি শূন্য পদের বিপরীতে পুলিশ সদর দপ্তর থেকে ১০ জন কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে আওলাদ হোসেন ও আকরাম হোসেনের নাম চূড়ান্ত সুপারিশের জন্য এসএসবিতে রয়েছে।
এদিকে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় পদোন্নতি পেতে যাচ্ছেন নয় কর্মকর্তা। এই তালিকায় বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ এবং ১৭তম ব্যাচের কর্মকর্তা রয়েছেন।



















