আইকাও-এর সহযোগিতায় এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর প্রশিক্ষণ সম্পন্ন
- আপডেট: ০৮:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ICAO-Capped Aviation Security National Inspector Course সফলভাবে সম্পন্ন হয়েছে। সাত কর্মদিবসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (ন্যাশনাল ইন্সপেক্টর) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন ICAO Security Audit সামনে রেখে এই প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব বহন করছে। এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিমান নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং অডিট প্রস্তুতিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















