কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯
- আপডেট: ১১:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকালে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লা-ঢাকা মহাসড়কে উল্টোপথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক ও অটোরিকশা) আটক করে এবং প্রসিকিউশন দাখিল করে।
পরে সকাল সাড়ে ১১টার দিকে নিমসার আমবাজার এলাকায় উল্টোপথে এসে যানজট সৃষ্টি করা একটি অটোট্রলির চালককে নাম-ঠিকানা জানতে চাইলে তিনি তা বলতে ব্যর্থ হন। এ সময় যানটি জব্দ করে নিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ গাড়ির সামনে এসে লাফিয়ে উঠে হ্যান্ডেল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে অটোট্রলিটি উল্টে যায়। এতে সামনের গ্লাস ভেঙে চালক সামান্য আহত হন।
এ ঘটনার পর ওই চালক চিৎকার শুরু করলে ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোচালকসহ দুষ্কৃতিকারীরা নিমসার বাজার এলাকায় জড়ো হয়। তারা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কর্তব্যরত কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন।
একই সঙ্গে হামলাকারীরা হাইওয়ে পুলিশের ডাবল কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়ে সরকারি সম্পত্তির ক্ষতি করে।
পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে হামলায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের দায়িত্ব। কর্তব্যরত পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।




















