নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউ নির্মাণ করছে ৫ রিভারাইন পেট্রোল ভেসেল
- আপডেট: ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড।
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের লক্ষ্যে বুধবার (১৭ জুন) ডিইডব্লিউতে ‘কিল-লেইং’ অনুষ্ঠান হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তারা আনুষ্ঠানিকভাবে আরপিভিগুলোর নির্মাণকাজের সূচনা করেন।
এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে এ পাঁচটি আরপিভি নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিটি নৌযানের দৈর্ঘ্য ৩৮ দশমিক ৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৯০ মিটার, গভীরতা ২ দশমিক ৪৫ মিটার এবং ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ২৩২ টন। এসব নৌযান ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম হবে।
নৌযানগুলোতে আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস, যোগাযোগ প্রযুক্তি, নাইট ভিশনসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম সংযোজিত থাকবে। কম গভীরতাসম্পন্ন জলপথে চলাচলের উপযোগী এসব উচ্চগতির ভেসেল দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের দুর্গম নৌপথে কোস্টগার্ডের অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং উদ্ধারকাজে এসব আরপিভি ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় এ প্রকল্প বাস্তবায়ন প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত উৎকর্ষতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও উন্নত প্রযুক্তিনির্ভর আধুনিক জাহাজ ও প্ল্যাটফর্ম নির্মাণে ডিইডব্লিউর কার্যক্রম অব্যাহত থাকবে।



















