সততা ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের
- আপডেট: ০২:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আজ রবিবার ( ২১ জুন) নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন-এর যোগদান উপলক্ষে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। তিনি জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বদা আন্তরিক থাকবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নোয়াখালী জেলাকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।



















