শাহজালালে পাসপোর্ট-ডলারভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার
- আপডেট: ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সততা,দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে বিদেশগামী এক যাত্রীর হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ মালামালসমৃদ্ধ হাতব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান
তিনি বলেন, মঙ্গলবার (২৩ জুন) রাতে বিমানবন্দরের হেভি লাগেজ এক্সিট গেইট এলাকায় বিদেশগামী এক যাত্রী অসাবধানতাবশত তার ব্যবহৃত হাতব্যাগ ফেলে রেখে চলে যান। ব্যাগটির ভেতরে পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
এ সময় ওই এলাকায় দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. রইস উদ্দিন ব্যাগটি দেখতে পেয়ে তা উদ্ধার করেন। পরে নিরাপত্তার স্বার্থে ব্যাগটি নিজের হেফাজতে নিয়ে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. জামিরুল ইসলামকে অবহিত করেন।
পরবর্তীতে যাত্রীর সন্ধানে বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম (এফআইডিএস) এর মাধ্যমে ঘোষণা প্রচার করা হয়। ঘোষণার কিছুক্ষণ পর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট যাত্রী উপস্থিত হয়ে হারিয়ে যাওয়া ব্যাগের বিষয়ে যোগাযোগ করেন।
পরে মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্যাগে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য মালামাল অক্ষত অবস্থায় প্রকৃত মালিক আব্দুল হাকিম সরকারের কাছে হস্তান্তর করা হয়। তিনি জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।
নিজের মূল্যবান মালামাল ফিরে পেয়ে আব্দুল হাকিম সরকার স্বস্তি প্রকাশ করেন এবং আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ঘটনাটি তাদের জনসেবার প্রতি অঙ্গীকার ও দায়িত্ববোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।



















