টেকনাফে বাস খাদে পড়ে দুর্ঘটনা: কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে যাত্রী উদ্ধার
- আপডেট: ০৯:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে পড়ে গেলে কোস্ট গার্ড, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং অনেকে আহত হন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন।
সমন্বিত অভিযানের মাধ্যমে বাসের ভেতরে আটকে পড়া সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের মেডিকেল টিম আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকট মোকাবিলায় ভবিষ্যতেও তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।



















