কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজা জব্দ,আটক ১
- আপডেট: ০৫:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা বড় স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত মাদক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















