জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশ সুপারের
- আপডেট: ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদার করতে নোয়াখালীতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
সভায় সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সমাজসেবা অধিদপ্তর, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর, শিক্ষক, আইনজীবী এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে কার্যকর ফল অর্জন সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের জন্য সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















