টেকনাফে ১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ,পালিয়ে গেল মাদক কারবারিরা
- আপডেট: ১২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















