শরীয়তপুরে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৩০ জন
- আপডেট: ০৪:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বন্যা ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আয়োজিত এ ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূল ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




















