প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
- আপডেট: ০১:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এএফসি চ্যালেঞ্জ লীগে অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দলটি।
কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ সিরিয়ান লীগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসি।
আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচকে সামনে রেখে আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৩ সদস্যের বাংলাদেশ পুলিশ ফুটবল দল ঢাকা ত্যাগ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন দলের সদস্যদের বিদায় জানান এবং আন্তর্জাতিক আসরে দলের সাফল্য কামনা করেন।
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশের কোনো পুলিশ ফুটবল ক্লাবের অংশগ্রহণ দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এই অংশগ্রহণ দেশের ফুটবলের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।



















