রোমে বিমানের মেরামতকারী প্রতিষ্ঠান ‘ফেল’, পার্টস দিতে পারেনি: বিমানমন্ত্রী
- আপডেট: ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৮০৪৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ইতালির রোমে কারিগরি ত্রুটিতে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ মেরামতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে Travel and Tourism Development Center-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতালিতে বিমান মেরামতের জন্য যে প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমইউ) ছিল, তাদের কাছ থেকে ভালো ফল পাওয়া যায়নি। তারা ফেল করেছে, পার্টস দিতে পারেনি।
রোমে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট গ্রাউন্ডেড থাকায় যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, টেকনিক্যাল টিমের কাজ শেষ হলে রোববারের মধ্যে ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আরও দক্ষ টেকনিক্যাল টিম নিয়োগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমানে কিছু উড়োজাহাজ পুরোনো। তাই নতুন কিছু উড়োজাহাজ কিনে বিমান বহরে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।




















