পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে টোয়াব ও বাটজা
- আপডেট: ০৮:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি,পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং খাতটিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের পর্যটন খাতের বর্তমান অবস্থা, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় টোয়াব নেতৃবৃন্দ পর্যটন খাতের উন্নয়নে সরকারের আরও কার্যকর নজরদারি, ট্যুর অপারেটরদের বিদ্যমান সমস্যা সমাধান এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাটজা নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে সরকার, পর্যটন ব্যবসায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সব অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পর্যটন খাতের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনায় দেশের অভ্যন্তরীণ পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা, বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার ও ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় হয়। বৈঠক শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



















