ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৮.২২ শতাংশের জিপিএ-৫ অর্জন
- আপডেট: ০৮:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দেশের ক্যাডেট কলেজগুলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৮ দশমিক ২২ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ক্যাডেট কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।
ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্য অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা।
এছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সব শ্রেণির ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।



















