ঢাকা মেডিকেলের ভুয়া স্টাফ পরিচয়ে দালাল আটক,উদ্ধার জাল আইডি
- আপডেট: ১০:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া স্টাফ পরিচয়ে দালালির অভিযোগে ওয়াসিম আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আনসার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে ওয়াসিম আলম নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে সিরিয়াল ছাড়াই এক রোগীকে সিটি স্ক্যান কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সিরিয়ালে অপেক্ষমাণ রোগী ও স্বজনদের সঙ্গে তার হট্টগোল সৃষ্টি হলে দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে ওয়াসিম রোগীকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে হাসপাতাল প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে ভুয়া স্টাফ হিসেবে শনাক্ত করে। তাকে আটকের জন্য হাসপাতাল এলাকায় নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াসিম আলম পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করলে নতুন ভবনের গ্লাস গেটে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। এ সময় পিসি মো. শাহাদাৎ হোসেন, এপিসি মো. ইউসুফ আলী ও আনসার সদস্য মো. হাবিব শরীফ তাকে আটক করে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াসিম আলম ভুয়া স্টাফ পরিচয়ে হাসপাতালে দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতাল ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দালালিসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।



















