মহাখালীতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
- আপডেট: ০৩:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলির সামনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারীদের বেশ কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
একইদিন ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, দুপুর সাড়ে ১টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে বেশকিছু লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
পুলিশের ভাষ্য, গ্রেফতারের চেষ্টা করা হলে বেশ কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তারা ওই কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।



















