হৃদরোগ হাসপাতালে দালাল চক্রের সদস্য হাতেনাতে আটক, পুলিশে সোপর্দ
- আপডেট: ০৮:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের অভিযানে মো. রিয়াজ হোসেন (৩৫) নামের এক সক্রিয় দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক বলেন, সকালে চিকিৎসা নিতে আসা এক ভুক্তভোগী রোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনসারদের টহল টিম তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযান চালায়। এ সময় অভিযোগকারী রোগী চিহ্নিত দালালকে দেখিয়ে দিলে আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্প হেফাজতে নিয়ে যান।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক রিয়াজ হোসেন স্বীকার করেন যে, তিনি রোগীদের সহজে ও দ্রুত চিকিৎসা সেবা এবং পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। পরবর্তীতে তাদের ভুল বুঝিয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতেন। আটক দালালের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের নির্দেশক্রমে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে আনসারদের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


















