নির্বাচনে বিশৃঙ্খলা-সহিংসতা কঠোর হাতে দমন করা হবে: ঢাকা জেলার এসপি
- আপডেট: ১০:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা আইনবিরোধী তৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।
মঙ্গলবার(২৭ জানুয়ারি) নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। জনগণের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনী কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আপনারা নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পুলিশ আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

















