ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা ও আশপাশে ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে
- আপডেট: ০৩:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৮০৩০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিজিবি ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) অধীন মোট ৩৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।
বুধবার বিজিবি সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনায় ঢাকা সেক্টরের আওতায় এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাই উপজেলার দুটি সংসদীয় আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
এ ছাড়া বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির বিশেষায়িত ক–৯ ডগ স্কোয়াড ইউনিটও মাঠে থাকবে। মোট ১২টি বেইজ ক্যাম্প থেকে এসব ইউনিট তাদের দায়িত্ব পালন করবে।
বিজিবি জানায়, নির্বাচনকালীন সময়ে বাহিনীটি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ভোট গ্রহণের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটাধিকার সুরক্ষাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে জালভোট বা নাশকতার মতো কোনো অপতৎপরতা যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
নির্বাচনের দিন বিজিবি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করবে। পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হবে।
বিজিবি আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খান বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে বিজিবি। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

















