মোহাম্মদপুরে সেনা অভিযানে দিনদুপুরে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার
- আপডেট: ১২:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দিনদুপুরে কুপিয়ে হত্যার একটি মামলার প্রধান আসামি শাওন (২৩)-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা তালিকাভুক্ত হত্যা মামলার মূল আসামি শাওন এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করতে দেখা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেফতার করে। একই অভিযানে তার সহযোগী আরও চারজন গ্যাং সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, একটি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, একটি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের একটি ওজন মেশিন।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর টহল দলকে ধন্যবাদ জানান। তারা বলেন, শাওন গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় শাওনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারে একাধিক অভিযান চালানো হলেও এতদিন তাকে ধরা সম্ভব হয়নি। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে গত রাতে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।”
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।


















