শিরোনাম:
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
- আপডেট: ০৪:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৮০৫৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁদপুরে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২২ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















