রাজনীতির প্রশিক্ষণ ছাড়া বাংলাদেশের মৌলিক সংস্কার সম্ভব নয়: নয়ন বাঙালি
- আপডেট: ০৬:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজনীতিতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও আদর্শিক প্রস্তুতি ছাড়া বাংলাদেশের মৌলিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড.নয়ন বাঙালি।
সোমবার(২২ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইউএসএভিত্তিক ও ওয়াশিংটন ডিসি সদরদপ্তরসম্পন্ন সংগঠন স্কুল অব লিডারশিপ-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘রাজনৈতিক নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সকাল ১০টায় ড.নয়ন বাঙালির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। দিনব্যাপী এই আয়োজনে দেশের বর্ষীয়ান ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সেশনে নেতৃত্ব,রাজনীতি ও সাংগঠনিক দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রথম সেশনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.মইন খান। দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ দেন ঢাকার সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম। পরবর্তী সেশনগুলোতেও পর্যায়ক্রমে জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করে নেতৃত্ব বিষয়ক ক্লাস নেন।
ড. নয়ন বাঙালি তার বক্তব্যে বলেন,“ফ্যাসিবাদী শাসনামলে আমরা সেভাবে কাজ করতে পারিনি। ভবিষ্যতেও কাজের সুযোগ কতটা থাকবে, তা নিয়েও অনিশ্চয়তা আছে। তবুও আমরা মাঠপর্যায়ের কর্মীদের নতুন স্বপ্ন দেখাই, তাদের সচেতন করি ও প্রস্তুত করি। কিন্তু দুঃখজনকভাবে এখনো অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ কর্মীদের অন্ধকারে রেখে ব্যবহার করতে চান। ফলে এই ধরনের প্রশিক্ষণ তারা অনেক সময় গ্রহণ করতেও অনাগ্রহী হন।”
তিনি আরও বলেন,গ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত ধারাবাহিক ও কাঠামোবদ্ধ রাজনৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা এই প্রথম কোনো সংগঠনের মাধ্যমে দেশে চালু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ড. মইন খান বলেন, “বাঙালির পাঠশালার এই উদ্যোগ সময়ের দাবি। আমি বিশ্বাস করি, এটি একদিন দেশের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর রাজনৈতিক প্রশিক্ষণ প্ল্যাটফর্মে পরিণত হবে।”
উল্লেখ্য,স্কুল অব লিডারশিপের পাঁচটি বৃহৎ সেলের মধ্যে ‘বাঙালির পাঠশালা’ ইতোমধ্যেই একটি কার্যকর ‘রাজনীতির পাঠশালা’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন। ক্লাস পরিচালনায় ছিলেন ফয়েজ কাওসার ও এডভোকেট আমিনুল ইসলাম মনির। শপথ বাক্য পাঠ করান সাবেক সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন মনি। প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন জাহাঙ্গীর আলম মিন্টু এবং সমাপনী ঘোষণা দেন অধ্যাপক শরিফুল করিম।


















