ওসমান হাদি হত্যা: ফয়সাল করিমসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট
- আপডেট: ০৮:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তে জানা যায়, শহীদ শরীফ ওসমান বিন হাদি বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা মূলক জোরালো বক্তব্য রেখে আসছিলেন। যার ফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়।
তিনি আরও জানান, শহীদ ওসমান বিন হাদিকে গুলি করা এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ফয়সাল করিম এবং তার প্রধান সহযোগী মো. আলমগীর হোসেনকে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী এবং তদন্তে প্রাপ্ত মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্তৃক মনোনীত সাবেক কাউন্সিলর। আসামীদের রাজনৈতিক পরিচয় এবং ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য থেকে এটা পরিস্কার যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে ধৃত আসামীদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইস সমূহের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার সাথে আসামীদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ মো. আলমগীর হোসেন, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ, জেসমিন আক্তার, তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবির, হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, ওয়াহিদ আহমেদ শিপু, মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম ওরফে রাজু, মো. ফয়সালদের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-বি/৩০২/২০১/১০৯/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে নতুন কোন তথ্য পাওয়া গেলে বা অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে বক্সকালভার্ট রোড দিয়ে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেল আরোহী ঘাতকরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।
এ ঘটনায় ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। যে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি।
এদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়। পথযাত্রায় ১০টি পিকআপে করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।



















